ঢাকা | বঙ্গাব্দ

জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিক ভাবে নওগাঁর মাঠে ফিরলো ঐতিহ্যবাহী ভলিবল খেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলা ছবির ক্যাপশন: নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলা
ad728

শহিদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি:: দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও মাঠে ফিরলো নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের পৃষ্ঠপোষকতায় সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান মাঠে শুরু হয়েছে "জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট"।
‎নব্বই দশকে জাতীয় পর্যায়ে দাপটের সাথে খেলা নওগাঁ ভলিবল দল ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় টানা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় এ খেলা। এক সময়ের মাঠ কাঁপানো ভলিবল খেলোয়াড়রা জীবিকার তাগিদে খেলা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হন।
‎এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল উদ্যোগ নেন। ইতিমধ্যেই তিনি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার তার ধারাবাহিকতায় মাঠে ফিরলো ভলিবল।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক।
‎এবারের টুর্নামেন্টে ৫টি উপজেলা, ২টি স্থানীয় ক্লাব ও একটি বিজিবি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা দল ২-০ সেটে রাণীনগর উপজেলা দলকে পরাজিত করে।
‎খেলা দেখতে মাঠে আসা দর্শক এমদাদুল ইসলাম ও আমিনুল ইসলাম টুটুল বলেন, “অনেক বছর পর নওগাঁর মাঠে ভলিবল দেখতে এসে খুব ভালো লাগছে। আশা করি এ আয়োজন নিয়মিত হবে এবং নতুন প্রজন্মকে ভলিবলের প্রতি আগ্রহী করে তুলবে।”
‎অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান, শীতকালে বিভিন্ন এলাকায় শখের বসে ভলিবল খেলা হলেও এভাবে আনুষ্ঠানিক টুর্নামেন্ট বহুদিন পর হলো। তারা ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
‎জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সুস্থ-সবল যুব সমাজ গড়ে তোলা জরুরি। নওগাঁর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গোল্ডকাপ ফুটবলের মতো এ ভলিবল টুর্নামেন্টও জাতীয় পর্যায়ে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে সহায়ক হবে।”
‎আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স