প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিক ভাবে নওগাঁর মাঠে ফিরলো ঐতিহ্যবাহী ভলিবল খেলা

শহিদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি:: দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও মাঠে ফিরলো নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের পৃষ্ঠপোষকতায় সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান মাঠে শুরু হয়েছে "জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট"।
নব্বই দশকে জাতীয় পর্যায়ে দাপটের সাথে খেলা নওগাঁ ভলিবল দল ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় টানা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় এ খেলা। এক সময়ের মাঠ কাঁপানো ভলিবল খেলোয়াড়রা জীবিকার তাগিদে খেলা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হন।
এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল উদ্যোগ নেন। ইতিমধ্যেই তিনি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার তার ধারাবাহিকতায় মাঠে ফিরলো ভলিবল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক।
এবারের টুর্নামেন্টে ৫টি উপজেলা, ২টি স্থানীয় ক্লাব ও একটি বিজিবি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা দল ২-০ সেটে রাণীনগর উপজেলা দলকে পরাজিত করে।
খেলা দেখতে মাঠে আসা দর্শক এমদাদুল ইসলাম ও আমিনুল ইসলাম টুটুল বলেন, “অনেক বছর পর নওগাঁর মাঠে ভলিবল দেখতে এসে খুব ভালো লাগছে। আশা করি এ আয়োজন নিয়মিত হবে এবং নতুন প্রজন্মকে ভলিবলের প্রতি আগ্রহী করে তুলবে।”
অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান, শীতকালে বিভিন্ন এলাকায় শখের বসে ভলিবল খেলা হলেও এভাবে আনুষ্ঠানিক টুর্নামেন্ট বহুদিন পর হলো। তারা ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সুস্থ-সবল যুব সমাজ গড়ে তোলা জরুরি। নওগাঁর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গোল্ডকাপ ফুটবলের মতো এ ভলিবল টুর্নামেন্টও জাতীয় পর্যায়ে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে সহায়ক হবে।”
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD