শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি::
নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত গ্রাম মিরাটে রাণীনগর প্রসপারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ)-এর পক্ষ থেকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার মিরাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, অক্সিজেন লেভেল ও পালস রেট মাপা হয়। এছাড়াও অসহায় বৃদ্ধদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আগত প্রত্যেক সেবাগ্রহীতাকে একটি করে গাছের চারা দেওয়া হয়। এই ক্যাম্পে মিরাটসহ আশেপাশের এলাকার প্রায় সাত শতাধিক রোগী সেবা গ্রহণ করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ) ডা. মোঃ আহসান হাবীব-সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন আরপিএ’র উপদেষ্টা অধ্যাপক মোফাখ্খার হোসেন খান পথিক, ফারহাদ হোসেন, সহ-সভাপতি আবু হাসান, রিপন নীল, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকি, তৌফিক হোসেন আনন্দ, নিবিড় হোসেন, ছনি মোল্লাসহ আরও অনেকে।
চিকিৎসা নিতে আসা লতা বেগম বলেন, “প্রত্যন্ত এলাকা হওয়ায় আমরা খেটে খাওয়া মানুষরা বছরের পর বছর সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। টাকার অভাবে অনেকেই অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না। আরপিএ আমাদের গ্রামের জন্য যে কাজটি করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব—এই চিন্তা থেকেই তারা আমাদের একটি করে গাছও দিয়েছে।”
আরপিএ’র উপদেষ্টা ও রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, “আমার ছাত্ররা আরপিএকে যেভাবে আলোকিত করছে, তাতে আমি আশাবাদী—রাণীনগর উপজেলা একদিন আরপিএ’র আলোয় আলোকিত হবে।”
আরপিএ’র যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পাল জানান, “মিরাটের এই দুর্গম এলাকার মানুষ যেন সঠিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। আমরা আশাবাদী, এই ক্যাম্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হবে।”
আরপিএ’র সভাপতি মোঃ শাহীনুল ইসলাম শাহীন বলেন, “রাণীনগর প্রসপারিটি অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন। আলোকিত রাণীনগর গঠনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব; এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, “মিরাটে আরপিএ’র ফ্রি মেডিকেল ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। আরপিএ’র এমন নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার ভবিষ্যৎ প্রজন্ম একটি আদর্শ উপজেলা উপহার পাবে। আরপিএ’র পাশাপাশি অন্য সকল সংগঠনকেও জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসতে হবে।”
Revolt News BD