ঢাকা | বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গায় চড়া দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা,জব্দকৃত ৫০০ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ভ্রাম্যমাণ আদালত। ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত।
ad728

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি::
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে 'হাসান অটোমোবাইল' নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৫০০ লিটার (৫ ব্যারেল) জ্বালানি তেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল। 

স্থানীয়দের অভিযোগ ছিল, হাসান অটোমোবাইলের মালিক আবুজার সরকারি দামের তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছ থেকে পেট্রোল ও অকটেনের অতিরিক্ত মূল্য আদায় করছিলেন।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী ব্যবসায়ী আবুজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দোকানের মজুতকৃত ৫ ব্যারেল (প্রায় ৫০০ লিটার) পেট্রোল ও অকটেন জব্দ করে প্রশাসন।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জব্দকৃত তেল সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা শুরু হয়।

তেল বিক্রয় কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন:
বি এম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। মো. উবায়দুর রহমান সাহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দামুড়হুদা।

এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে তেল সংগ্রহ করতে দেখা যায়। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকগণ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল বলেন, "আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সজাগ রয়েছি। জব্দকৃত তেল আজ স্বচ্ছতার সাথে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে।"

বর্তমানে কার্পাসডাঙ্গা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সতর্কতা লক্ষ্য করা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স