বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আপসহীন অবস্থানের কারণেই বাংলাদেশ আজ মুক্ত ও স্বাধীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, গোটা জাতির কাছে আলোর দিশারী হিসেবে ছিলেন বেগম জিয়া এবং কোনো আপস না করায় তাকে বারবার কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকার আয়োজনে শুরু হওয়া এই প্রদর্শনী আরও দুই দিন চলবে। রিজভী বলেন, খালেদা জিয়ার জীবনসংগ্রাম ছিল এক বিশাল ক্যানভাস, তার কর্মজীবন ছিল গভীরভাবে বৈপ্লবিক এবং যিনি তার জীবন ও রাজনীতি অধ্যয়ন করবেন তিনিই অনুপ্রাণিত হবেন। এ ধরনের স্থিরচিত্র প্রদর্শনী জাতিকে প্রেরণা জোগাবে উল্লেখ করে তিনি বলেন, তার মৃত্যুর ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা গোটা জাতিই অনুভব করছে, কারণ তিনি দেশ ও মানুষকে আগলে রেখেছিলেন। তরুণ প্রজন্মের সামনে বেগম জিয়া কেমন ছিলেন তা তুলে ধরা জরুরি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। বক্তব্যে তিনি আরও বলেন, দেশবিরোধী কোনো চুক্তিতে স্বাক্ষর না করায় এবং সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় পরিচালিত নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বেগম জিয়াকে কারাগারে যেতে হয়েছে এবং দীর্ঘদিন নানা নির্যাতন সহ্য করতে হয়েছে।
Revolt News BD