অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, কে কী বলল তা বিবেচ্য নয়, নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তিনি আরও বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবং নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে ও পক্ষপাতমুক্ত প্রশাসন পরিচালনা করবে।
Revolt News BD