নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সাথিয়া উপজেলা পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন। আদালতে ইসির পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং জামায়াত ও বিএনপির প্রার্থীদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ২৪ ডিসেম্বর জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত করেছিলেন এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত সেই আদেশ বহাল রাখেন। পরে ১৩ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়, যেখানে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সর্বশেষ আদেশে আপিল বিভাগ স্পষ্ট করেন যে, নির্ধারিত তারিখে এই দুই আসনে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
Revolt News BD