গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে ‘হ্যাঁ–তে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন’ স্লোগানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার ডাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রকাঠামোর সংস্কার, আর সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই আসন্ন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’-তে গণরায় প্রদান করলে ফ্যাসিবাদী কাঠামোর অবসান ঘটবে বলে ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে। তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া শুধু নাগরিক কর্তব্য নয়, এটি শহীদদের রক্তের আমানত রক্ষা করার শামিল, যা সাধারণ মানুষ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সহসাধারণ সম্পাদক মুহা. মুহিউদ্দিন খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগের কেন্দ্রবিন্দু ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ গড়া, আর সেই প্রত্যাশার বাস্তবায়ন নির্ভর করছে ১২ ফেব্রুয়ারির গণভোটে শহীদদের রক্তের যথাযথ প্রতিদান দেওয়ার ওপর। তাঁর ভাষ্য অনুযায়ী, কেবল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব, যে সংস্কারের জন্য শহীদরা জীবন দিয়েছেন এবং আহতরা আজও কষ্টের জীবনযাপন করছেন।
ডাকসুর ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে দেশজুড়ে গণভোটের পক্ষে সরাসরি জনসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ই-পোস্টার, ভিডিও ও লেখালেখিভিত্তিক অনলাইন ক্যাম্পেইন, যুক্তিতর্কের মাধ্যমে ‘হ্যাঁ’-এর প্রয়োজনীয়তা তুলে ধরা, রাষ্ট্রীয় সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনাসহ বিভিন্ন সেমিনার আয়োজন, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, জুলাই আহতদের ভাবনা নিয়ে আলোচনা, গান-কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক ও মূকাভিনয় প্রদর্শনী এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সফরের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ রয়েছে। এ সময় ডাকসুর পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সুশীল সমাজ ও ছাত্র–জনতাকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয়।
Revolt News BD