নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের জরুরি সতর্কতা ব্যবস্থা ‘মিসিং আরজেন্ট নোটিফিকেশন (MUN Alert)’ চালু হতে যাচ্ছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে নিখোঁজ শিশু সংক্রান্ত ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯। এ ব্যবস্থার মাধ্যমে কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার বিষয়ে যুক্তিসংগত আশঙ্কা দেখা দিলে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত তথ্য দিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে পারে। এছাড়া কোনো শিশুর অশ্লীল ছবি বা যৌন নির্যাতনের ছবি মোবাইলে ধারণ করা হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিআইডির কাছে পৌঁছাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। তিনি বলেন, আন্তর্জাতিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী নিখোঁজ শিশুর ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দ্রুত ও নির্ভুল সতর্কবার্তা জারি করা গেলে শিশুকে নিরাপদে উদ্ধারের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেটে পাঁচ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার নিখোঁজ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনা একটি দ্রুত, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর জরুরি সতর্কতা ব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।
তিনি আরও জানান, বিশ্বব্যাপী নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার ধারণাটি গুরুত্ব পায় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে শিশু অ্যাম্বার হ্যাগারম্যান অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর। ওই ঘটনার প্রেক্ষাপটে চালু হয় AMBER Alert ব্যবস্থা, যা বর্তমানে ইউরোপের ৩২টি দেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নিজস্ব আইনগত ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। সেই অভিজ্ঞতার আলোকে সিআইডির Missing Children Cell-এর নেতৃত্বে এবং Zero Missing Children Platform-এর কারিগরি ও সমন্বয় সহায়তায় বাংলাদেশে MUN Alert ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক পরামর্শ সহায়তায় যুক্ত রয়েছে Amber Alert for Bangladesh টিম।
এই ব্যবস্থার আওতায় জারি করা জরুরি সতর্কবার্তা অফিসিয়াল ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের পাশাপাশি অনলাইন ও অফলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল বিলবোর্ড এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল এসএমএস বা সেল ব্রডকাস্টিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। এর ফলে দেশের যে কোনো প্রান্তের মানুষ দ্রুত তথ্য দিয়ে নিখোঁজ শিশুকে উদ্ধারে সরাসরি ভূমিকা রাখতে পারবে। পুরো প্রক্রিয়াজুড়ে শিশুর মর্যাদা, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।
নিখোঁজ শিশু সংক্রান্ত যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির Missing Children Cell-এর ০১৩২০০১৭০৬০ নম্বর অথবা টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এ জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই, ঝুঁকি মূল্যায়ন, সতর্কবার্তা জারি, স্থগিত বা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে সিআইডির Missing Children Cell-এর হাতে। প্রয়োজনে সীমান্ত অতিক্রম বা শিশু পাচারের আশঙ্কা দেখা দিলে ইন্টারপোলের মাধ্যমে ইয়েলো নোটিশ জারির ব্যবস্থাও নেওয়া হবে। আন্তর্জাতিকভাবে AMBER Alert পরিচালনাকারী সংস্থা এনসিএমইসি (NCMEC) ও মেটার সহযোগিতায় সিআইডি এবং Zero Missing Children Platform-এর সমন্বয়ে এই জাতীয় গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
Revolt News BD