রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন কারণে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। চলতি ২০২৫-২৬ অর্থবছরে যেখানে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, সেখানে সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত এডিপিতে সরকারি তহবিল থেকে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৭২ হাজার কোটি টাকা, ফলে মূল এডিপির তুলনায় সরকারি তহবিলে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণে ১৪ হাজার কোটি টাকা কমছে। সূত্র জানায়, মূলত মেগা প্রকল্পগুলো থেকেই বড় অঙ্কের বরাদ্দ ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে মেট্রোরেল লাইন-১ প্রকল্পে, যেখানে ৮ হাজার ৬৩১ কোটি টাকার বরাদ্দ কমিয়ে ৮০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রায় ৯১ শতাংশ বরাদ্দ হ্রাস পেয়েছে। একইভাবে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৬৮ কোটি টাকা থেকে বরাদ্দ কমিয়ে ১ হাজার ৮৫ কোটি টাকা করা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ১ হাজার ৩৯ কোটি টাকা থেকে কমিয়ে ৩০৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেল লাইন-৫ ও লাইন-৬ এবং হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পসহ আরও কয়েকটি বড় প্রকল্পের বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। পরিকল্পনা কমিশনের মতে, আর্থিক বাস্তবতা ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির কথা বিবেচনায় নিয়েই এ সংশোধন আনা হয়েছে।
Revolt News BD