ঢাকা | বঙ্গাব্দ

ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের আধিপত্যমূলক প্রভাব থেকে বাংলাদেশ বেরিয়ে এসে স্বাধীন কণ্ঠে কথা বলার সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, অতীতে ভারতের আগ্রাসী ভূমিকার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি, তবে এখন সরকার সে জায়গা থেকে বেরিয়ে এসেছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে ‘রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সরকারের কার্যক্রম নিয়ে কিছু যৌক্তিক সমালোচনা থাকতেই পারে, কিন্তু অনেক ক্ষেত্রে সমালোচনা মাত্রাতিরিক্ত ও নির্মম হয়ে উঠছে, যেখানে সরকারের অর্জনগুলো স্বীকার না করে কেবল ঘাটতির দিকগুলোই তুলে ধরা হচ্ছে। বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেটসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষমতা উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে, যা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একটি বড় ধরনের সংস্কার এবং এটি ভবিষ্যতে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে একটি শক্তিশালী মানবাধিকার আইন প্রণয়ন করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় উন্নত, এবং শিগগিরই এই আইনের আওতায় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সাফল্যের উদাহরণ হিসেবে তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও আস্থা ফেরানো এবং প্রায় ২০ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগ কি কোনোভাবেই সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে না—এই প্রশ্ন তোলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স