ঢাকা | বঙ্গাব্দ

ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 নেদারল্যান্ডসভিত্তিক ‘উইথলোকালস’ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হুবহু ক্লোন করে একই নাম ও নকশায় ভুয়া ওয়েবপেজ তৈরি করে বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন তৌহিদ ভূঁইয়া (২১) ও হৃদয় হাসান (২১)। বৃহস্পতিবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, হৃদয় হাসান মামলার এজাহারভুক্ত আসামি এবং তৌহিদ ভূঁইয়া তদন্তে শনাক্ত অভিযুক্ত। চক্রটি ভুয়া ওয়েবসাইটের লিংক সাধারণ মানুষের কাছে পাঠিয়ে নিজেদের বিদেশি কোম্পানির কর্মী পরিচয় দিয়ে দ্রুত ও উচ্চ লভ্যাংশের প্রলোভনে বিনিয়োগে উৎসাহিত করত। এতে অন্তত একজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। প্রতারণা বুঝতে পেরে ভুক্তভোগী পল্টন থানায় মামলা করেন। তদন্তে জানা যায়, হৃদয় হাসান দীর্ঘদিন টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে এই প্রতারণা চালিয়ে আসছিল। গত ৭ জানুয়ারি সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি দল জামালপুরের স্টেশন রোড এলাকা থেকে প্রথমে তৌহিদ ভূঁইয়াকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা হৃদয় হাসানকে গ্রেপ্তার করে। ডিজিটাল ডিভাইস বিশ্লেষণে দেখা যায়, হৃদয় প্রায় ৩০টি ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করত এবং অন্যদের নামে খোলা দুটি বাইন্যান্স অ্যাকাউন্টের সঙ্গে তার বিকাশ ও নগদ সংযুক্ত ছিল। এছাড়া একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার প্রমাণ মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয় আসামি অপরাধ স্বীকার করেছে। বর্তমানে বাইন্যান্স লেনদেন, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য, ভুক্তভোগীর সংখ্যা এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স