ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর খুশি নন। ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প মোদির সঙ্গে সাক্ষাতের একটি স্মৃতিচারণ করে বলেন, একসময় মোদি নিজেই তার কাছে এসে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ এবং তিনি তাতে সম্মতি দেন। ট্রাম্প অবশ্য এই সাক্ষাতের সময় ও স্থান উল্লেখ করেননি, তবে তিনি জানান, ভারতের পক্ষ থেকে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি দীর্ঘদিন ঝুলে থাকলেও তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সেই চালান দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করেন। ট্রাম্প বলেন, মোদি একজন চমৎকার মানুষ এবং তাদের সম্পর্ক ভালো, কিন্তু উচ্চ শুল্ক আরোপের কারণে বর্তমানে মোদি অসন্তুষ্ট। তিনি আরও দাবি করেন, তার আপত্তির পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। একসময় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ছিল ১৫ শতাংশ, যা গত এপ্রিলে ২৫ শতাংশ এবং পরে আগস্টে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়, ফলে ভারতের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুল্ক কমাতে দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো কোনো পরিবর্তন আসেনি। ট্রাম্পের দাবি, এই শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রের কোষাগারে প্রায় ৬৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে এবং দেশটি আর্থিকভাবে লাভবান হচ্ছে।
Revolt News BD