ফয়সাল করিমের ভিডিও বার্তা নিয়ে ডিবির বক্তব্য
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিমের প্রকাশিত ভিডিও বার্তাগুলো পর্যালোচনা করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ফয়সালের দেওয়া তিনটি ভিডিও বার্তা প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে সেগুলো আসল এবং এখন পর্যন্ত ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষা থাকলেও এআই ব্যবহারের আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, ফয়সাল ভিডিও বার্তায় নিজেকে বিদেশে অবস্থানরত দাবি করলেও তদন্তে তার দুবাইয়ে থাকার তথ্য সঠিক পাওয়া যায়নি; বরং প্রাপ্ত তথ্যপ্রমাণ অনুযায়ী তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। শফিকুল ইসলাম আরও জানান, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পীকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তে উঠে এসেছে, নতুন ধারার রাজনীতি ও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দেওয়ার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্তে উদ্ধার করা অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলেও তিনি জানান। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ফয়সাল করিম ও তার সহযোগীকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে মেঘালয় ও পশ্চিমবঙ্গ পুলিশ যে দুজনকে গ্রেফতার করেছে—এ বিষয়ে ডিএমপির আগের বক্তব্য সঠিক। উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স