আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ওই সময়ের পর থেকেই কেবল নির্বাচনি আচরণবিধি মেনে প্রচারণা চালানো যাবে। একই সঙ্গে কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ করতে হবে।
Revolt News BD