দীর্ঘ বিরতির পর খ্যাতিমান সংগীতশিল্পী মনির খান রাজনীতিতে আবারও ফিরেছেন এবং নিজ দল বিএনপিতে প্রত্যাবর্তন করেছেন। সম্প্রতি লন্ডন সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি দলটির ‘নির্বাচন পরিচালনা কমিটি’-তে অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন মনির খান।
তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়ন না পেয়ে তিনি দল থেকে পদত্যাগ করেছিলেন। তখন তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ও বিএনপির সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপিতে ফেরার পর মনির খান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য গঠিত কমিটিতে তার দায়িত্ব থাকবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Revolt News BD