ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। কমিশনার জানান, হাদিকে গুলি করতে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সেগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে এবং ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষর করা একটি চেকও উদ্ধার করা হয়েছে। ডিএমপি কমিশনার আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দাখিল করা হবে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Revolt News BD