অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, সরকার শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই দেশের মাটিতেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি হাদির মৃত্যুকে করুণ ও হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, যে মানুষের জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও জাতীয় দায়িত্ব। উপদেষ্টা জানান, সরকার নীরবে কিন্তু দৃঢ়ভাবে তদন্ত এগিয়ে নিচ্ছে এবং তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা অপরাধীদের সুবিধা দিতে পারে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে শক্ত ও নির্ভুল চার্জশিট দাখিল করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই দ্রুত বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে থাকলেও তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলবে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
Revolt News BD