বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য জানান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এরপর তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন এবং দিনের পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান। পরদিন জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে তিনি বাসায় জোহরের নামাজ আদায় করেন এবং বিকেলে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দেন।
Revolt News BD