দেশে ফেরার দুই দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি এ পদক্ষেপ নিলেও এখনো নির্বাচন কমিশনে কোনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি। ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান এবং শনিবারই ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, বর্তমানে মাঠপর্যায়ে ভোটার হওয়ার সুযোগ নেই, তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হবে। তিনি আরও জানান, তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি বা ফরমাল আবেদন কমিশনে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় বিদেশে অবস্থানের কারণে তারেক রহমান ভোটার হতে পারেননি, যদিও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।
Revolt News BD