শৃঙ্খলা বজায় রেখে রাস্তায় অবস্থানের আহ্বান রিজভীর
-
নিউজ প্রকাশের তারিখ :
Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খল আচরণ বজায় রেখে রাস্তায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনসমাগম যত বড়ই হোক না কেন, সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করা যাবে না। তারেক রহমান তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে অবস্থান করার অনুরোধ জানান তিনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন পর্যন্ত স্বাগত মিছিল শেষে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর তারেক রহমান নিজ দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এবং তার এই আগমনকে ঘিরে সারা দেশে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে, লাখ লাখ মানুষ তাকে একনজর দেখার আশায় ঢাকায় আসছেন। রিজভী অভিযোগ করেন, ২০০৭ সালের মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার শেখ হাসিনার সমর্থিত ছিল এবং সেই সময় বিনা কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়, যার ফলে তাকে পিজি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর শেখ হাসিনার সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে বাধা দিয়েছে এবং টানা ১৭ বছর তাকে পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এমনকি তিনি তার মায়ের সঙ্গে দেখা কিংবা ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতেও পারেননি। রিজভী বলেন, জিয়া পরিবার বাংলাদেশের একটি ঐতিহাসিক ও জনপ্রিয় রাজনৈতিক পরিবার, যারা স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আর এই পরিবারকে ধ্বংস করতে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা কোনো চক্রান্তই বাদ দেয়নি। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং পরে মাকে দেখে বাসায় ফিরবেন। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে এবং দলীয়ভাবেও নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স