ঢাকা | বঙ্গাব্দ

তিন দপ্তরে দুদকের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারি হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি এবং সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগে দেশের তিন জেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের নেতৃত্বে কুড়িগ্রাম, ঝিনাইদহ ও ঢাকার ধামরাই উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ উত্তোলনের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্প তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয় এবং বাছাইকৃত কয়েকটি প্রকল্পের কাজ নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে পরিমাপ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ বাইরে বিক্রি, সেবায় হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদক টিম ছদ্মবেশে রোগী সেজে তথ্য সংগ্রহ করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, স্টোর, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করে। এতে রোগীদের অভিযোগ, ওষুধ ঘাটতি এবং দালাল চক্রের তৎপরতার তথ্য পাওয়া যায়। এছাড়া ঢাকার ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে নথি যাচাই ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। তিনটি অভিযানে সংগৃহীত তথ্য ও নথি বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স