বিশেষ প্রতিনিধি:
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেসব পদে ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত ছিল, সেসব বিধি ও প্রবিধানমালার কার্যকারিতা বহাল রাখার পথ সুগম হয়েছে। এ লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট অধ্যাদেশে সংশোধন এনেছে। সোমবার ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে অধ্যাদেশে নতুন ধারা সংযোজন করে বলা হয়েছে, যেখানে নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেখানে সেই বয়সসীমাই অপরিবর্তিত ও কার্যকর থাকবে। এর আগে গত বছর সব স্তরের সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর নির্ধারণ করায় মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ব্যক্তি ও কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন পদের প্রার্থীরা বিদ্যমান বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হন। এসব অসুবিধা নিরসনে বিভিন্ন দপ্তর ও চাকরিপ্রার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সংশোধনী আনা হয়েছে। তবে সংশোধিত অধ্যাদেশে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে এর আওতার বাইরে রাখা হয়েছে, অর্থাৎ এসব প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এই অধ্যাদেশ কার্যকর হবে না।
Revolt News BD