সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’র নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন। এসব তথ্য সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এতে কমিশনের কার্যক্রমকে প্রভাবিত করার অপচেষ্টা স্পষ্ট। রোববার (২১ ডিসেম্বর) রাতে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী এক বিবৃতিতে বলেন, কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময়সীমাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যার উদ্দেশ্য কমিশনের নিরপেক্ষ কাজকে বাধাগ্রস্ত করা। বিবৃতিতে আরও বলা হয়, কমিশনের জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে কোনো ব্যক্তির উপস্থিতির যে দাবি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য, কারণ তিনি কখনোই গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কোনো পদে কর্মরত ছিলেন না এবং কোনো জিজ্ঞাসাবাদেও তার উপস্থিতি ছিল না। কমিশনের মতে, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের এবং তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কমিশন তার অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ কাজে দেশপ্রেমিক সকল নাগরিকের সহযোগিতা কামনার পাশাপাশি দেশবাসীকে বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপেক্ষা করার আহ্বান জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।
Revolt News BD