নিজস্ব প্রতিবেদক।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি করা ঠিক নয়। শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা প্রয়োজন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার মানসিকতা থাকতে হবে। এ ধরনের ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়েই সংশয় তৈরি হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। নির্বাচন কমিশন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং গণমাধ্যমকে দেওয়া হয়নি। হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তাকে পুনরায় পরীক্ষা করে তার শারীরিক অবস্থার বিস্তারিত মূল্যায়ন করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বোর্ডের পর্যবেক্ষণে হাদির অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে, এমন সহিংস ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Revolt News BD