ঢাকা | বঙ্গাব্দ

বাণিজ্য সহযোগিতা বাড়াতে উজবেক রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
Trade Advisor ছবির ক্যাপশন: Trade Advisor
ad728

নিজস্ব প্রতিবেদক, 
বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত উজবেকিস্তানের অনাবাসিক রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। তিনি জানান, বিশেষ করে পোশাক, চামড়া, কৃষিপণ্য, ফার্মাসিউটিক্যাল ও অ্যাগ্রো-প্রসেসিং খাতে উভয় দেশের কাজ করার সম্ভাবনা অনেক।
রাষ্ট্রদূত রুস্তামবায়েভ বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, উজবেকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী এবং নতুন বাজার সম্ভাবনা উন্মোচনে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি উল্লেখ করেন, উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও বেশি সুযোগ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের সামগ্রিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক জটিলতা কমানো, পর্যটন শিল্পের উন্নয়ন, ঢাকা–তাসখন্দ সরাসরি বিমান সংযোগ চালুর বিষয়, যৌথ বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্য তথ্য আদান–প্রদান বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হয়।
বাংলাদেশ ও উজবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৯২ সালের ১৫ অক্টোবর। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৭.২৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ উজবেকিস্তানে রপ্তানি করেছে ৩২.৮৩ মিলিয়ন ডলার এবং আমদানি করেছে ৪.৪০ মিলিয়ন ডলার—যা সাম্প্রতিক সময়ে বাণিজ্য বৃদ্ধির ইতিবাচক ধারা নির্দেশ করে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স