দেশের বাজারে সারের দাম নিয়ে কারসাজি ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যেসব কর্মকর্তা মাঠপর্যায়ে সারের দাম পর্যবেক্ষণে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
উপদেষ্টা জানান, দেশে সার মজুতের ঘাটতি নেই। তারপরও কোনো কোনো এলাকায় কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে—কারা দোষী, কোথায় কারসাজি হচ্ছে তা নজরদারি করতে হবে। নির্ধারিত মূল্যের বাইরে এক পয়সাও যেন বাড়তি নেওয়া না যায়, সরকার তা নিশ্চিত করবে।
গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সারসহ সব কিছুর দাম বাড়বে—এমন গুজব ছড়ানো নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাষায়, “গ্যাসের দামের সঙ্গে সার মূল্যের কোনো সম্পর্ক নেই। সার আগের দামে আছে, ভবিষ্যতেও তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আমরা যতোদিন আছি, সারের দাম বাড়বে—এমন আশঙ্কা নেই।”
সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন নীতিমালা অনুযায়ী যেসব এলাকায় শূন্যপদ আছে, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। তবে যারা আগে থেকেই দায়িত্বে আছেন, অনিয়ম না থাকলে তাদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তার দাবি, নতুন পেঁয়াজ এবং মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। তিনি বলেন, “কিছু ব্যবসায়ী আমদানি চাপ তৈরি করলেও কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা আমদানির অনুমতি দেইনি। ফলে বাজারে দেশি পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে দামও কমে গেছে।”
এ সময় উপদেষ্টা জানান, আমন মৌসুমেও এবার ভালো ফলনের ইঙ্গিত মিলছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি ধান কাটা সম্পন্ন হয়েছে, এবং অনুকূল আবহাওয়া থাকলে আমনের বাম্পার ফলন আশা করা হচ্ছে। সবজির উৎপাদনও ভালো হওয়ায় বাজারে দাম সহনীয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ পেলে তা প্রকাশ করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নিজের নানান ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা প্রকাশ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “দুর্নীতি দমনে কারো প্রতি ছাড় দেওয়ার সুযোগ নেই। দেশকে বদলাতে হলে সত্য প্রকাশ করতে হবে।”
Revolt News BD