বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে আপন চাচার হাতে নৃশংসভাবে খুন হয়েছে নাহিল আক্তার তান্নু (৬) নামে এক শিশুকন্যা। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে এবং লাউপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে তান্নুর চাচা হাবিব খান ওরফে হাবিল (২৭) গাছের ডাল দিয়ে শিশুটিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তান্নুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত হাবিল খান নিহত শিশুর বাবা দুলাল খানের ছোট ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হাবিল খান দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া আক্তারকে (৩০) জবাই করে হত্যা করেন। সেই ঘটনায় তিনি সাত বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর থেকে তিনি এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।
নিহত শিশুর বাবা দুলাল খান বলেন, “১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করেছিল হাবিল। পরে আমি দ্বিতীয় বিয়ে করি। আজ সে আমার দ্বিতীয় সংসারের একমাত্র মেয়েকেও মেরে ফেলেছে। আমি খুনি হাবিলের ফাঁসি চাই।”
তালতলী থানার ওসি শাহজালাল মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হাবিল খানকে আটক করেছে। শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Revolt News BD