খুলনা প্রতিনিধি:: যেকোনো জরুরি পরিস্থিতি, বিশেষ করে অগ্নিকাণ্ড মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।
ভবনে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে কীভাবে নিজেদের সুরক্ষিত রেখে বের হয়ে আসা যায়, এবং কীভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর সরঞ্জাম ব্যবহার করা যায়—এই মহড়ায় তা হাতে-কলমে শেখানো হয়।মহড়ার সময় জেলা প্রশাসকের ভবনের একটি অংশে কৃত্রিমভাবে ধোঁয়ার সৃষ্টি করা হয়। ঠিক যেন মনে হয়, বড় ধরনের আগুন লেগেছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা মই ব্যবহার করে উঁচু তলা থেকে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল প্রদর্শন করেন।উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালীন, কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে আতঙ্কিত না হয়ে জরুরি বহির্গমন পথ ব্যবহার করতে হয়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মূল্যবান নথিপত্র সুরক্ষিত করার প্রক্রিয়া দেখানো হয়।এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত সকলকে অগ্নিকাণ্ড সময়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা এবং তাদের প্রস্তুতিকে আরও জোরদার করা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার পক্ষ থেকে জানানো হয়, সরকারি-বেসরকারি সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে এ ধরনের মহড়া নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে সবাই যেকোনো জরুরি অবস্থায় জীবন ও সম্পদ রক্ষা করতে সক্ষম হবে।
Revolt News BD