ঢাকা | বঙ্গাব্দ

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তার ওপর হামলা, ২৭ জেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
মেঘনা নদীতে মৎস্য কর্মকর্তা ওমর সানির ওপর হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক ছবির ক্যাপশন: মেঘনা নদীতে মৎস্য কর্মকর্তা ওমর সানির ওপর হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক
ad728

বরিশাল প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মেঘনা নদীতে মৎস্য কর্মকর্তা ওমর সানির ওপর হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় জেলেদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ ও ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়।

গত শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের সদস্যরা।

অভিযান চলাকালে একদল বিপথগামী জেলে দা, কুড়াল, চাপাতি, ইট ও সুড়কি দিয়ে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে কোস্টগার্ড ও প্রশাসনের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকেই ২৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নয়জন স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত বলে জানিয়েছে প্রশাসন।

গতকাল সকালে আটক জেলেদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোস্তফা বেপারি (১৯), সোহেল (১৯), আল আমিন গাজী (৩৫), জাহের মাতব্বর (৩৫) ও রুবেল (২২)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বলেন, “অভিযান চলাকালে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীদের আটক করা হয়। জব্দ করা ইলিশ ও পাঙাশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান জানান, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কারণে পাঁচ জেলেকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স