ঢাকা | বঙ্গাব্দ

জনগণের সঙ্গে পার্টনারশিপে যেতে চায় বিএনপি: ড. জিয়াউদ্দিন হায়দার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ড. জিয়াউদ্দিন হায়দার। ছবির ক্যাপশন: ড. জিয়াউদ্দিন হায়দার।
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের সঙ্গে পার্টনারশিপে গিয়ে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসনসহ প্রতিটি ক্ষেত্রে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশকে মানবিক রাষ্ট্রে রূপ দিতে চায়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এসব কেন্দ্রে শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ওষুধ প্রদানের ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, প্রাইমারি হেলথকেয়ারকে দুই ভাগে ভাগ করে প্রতিটি এলাকায় আধুনিক হেলথ হাব গড়ে তোলা হবে। পাঁচ বছরের নিচে কোনো শিশু অপুষ্টিতে ভুগবে না এবং নারীরা সঠিক মাতৃসেবা পাবেন— এটি নিশ্চিত করা হবে।

জনগণের আস্থা পুনরুদ্ধারের বিষয়ে ড. হায়দার বলেন, আমি একজন চিকিৎসক হলেও আজ এখানে এসেছি একজন রাজনীতিবিদ হিসেবে। রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে পার্টনারশিপে গিয়ে সেই আস্থা ফিরিয়ে আনতে চায়।

তিনি বলেন, প্রতিটি জেলা হাসপাতালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে শক্তিশালী করা হবে। উপজেলা ও জেলা হাসপাতালকে সীমিত স্বায়ত্তশাসন দিয়ে অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
অর্থনীতি প্রসঙ্গে ড. হায়দার বলেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে ব্যবসা-বাণিজ্য টেকসই হয় না। যেমন হৃদযন্ত্র সুস্থ না থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে, তেমনি অর্থনীতি ভেঙে পড়লে গোটা রাষ্ট্রই অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিএনপি তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে ৩৬০ ডিগ্রি পরিকল্পনায় কাজ করছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার তখন ব্যবসা সহজ করার জন্য ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, জটিলতা বাড়াবে না।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মনে করে একটি টেকসই রাষ্ট্রের তিনটি স্তম্ভ হলো কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য। আমরা কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করব, শিক্ষার মান উন্নয়ন করব এবং স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে ড. হায়দার বিভিন্ন খাতের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স