ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আগুন, প্রধান শিক্ষক নিহত ও দগ্ধ ৫ যাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
সাকুরা পরিবহন ছবির ক্যাপশন: সাকুরা পরিবহন
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় মোটরসাইকেলে আগুন লেগে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক মো. তোফাজ্জল হোসেন (৫০) ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ঝালকাঠি বাসস্ট্যান্ডে থেমে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে বাসটি নলছিটির প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটিতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে বাসের সামনের অংশেও।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন এবং বাসের অন্তত পাঁচ যাত্রী দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক তোফাজ্জল হোসেন মারা যান।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স