ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, টাকা লুটের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
সুখি বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ছবির ক্যাপশন: সুখি বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
ad728
 
হাসিবুর রহমান,ঝালকাঠি জেলা প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটি উপজেলায় সুখি বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরে উঁকি দিলে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন সুখি বেগমকে। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সুখি বেগম ওই গ্রামের মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী। ভোর রাত তিনটার দিকে গরু জবাইয়ের উদ্দেশ্যে মনির ছেলেকে নিয়ে জিরোপয়েন্ট এলাকায় দোকানের উদ্দেশ্যে যান। ঘটনার সময় তিনি একা ঘরে ছিলেন। স্বজনদের অভিযোগ, হত্যাকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরে থাকা নগদ টাকা নিয়ে গেছে।

নিহতের স্বামী মনির হাওলাদার জানান, ভোরে আমি দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছেন না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স