ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মায়ের বালিশ চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
সদর থানা, খাগড়াছড়ি। ছবির ক্যাপশন: সদর থানা, খাগড়াছড়ি।
ad728

আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে দুই বছরের শিশু মো. তহিদুল আলম আভান-কে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার মা—এমন প্রাথমিক তথ্য জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন বলেন, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মা সাবিনা ইয়াসমিন-কে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন। তাদের স্থায়ী বাড়ি মাগুরা জেলায়, তবে চাকরির কারণে তারা পরিবার নিয়ে শান্তিনগরে ভাড়া থাকতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি এমন ভয়াবহ ঘটনার সাথে জড়িত হতে পারেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয়রা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুকে এমনভাবে প্রাণ দিতে হবে—এমনটি কেউ মেনে নিতে পারছেন না।

শিশুটির মৃত্যুর ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স