ইফতি খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে উল্টোপথে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজিচালক আব্দুল মতিন (৪৬) ও যাত্রী হাফিজ উদ্দিন (৫০)। আব্দুল মতিন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে। হাফিজ উদ্দিন একই উপজেলার হাতীবেড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি ট্রাক উল্টোপথে এসে ময়মনসিংহগামী অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল মতিন নিহত হন। গুরুতর আহত যাত্রী হাফিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় ইউটার্ন থেকে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়মিত উল্টোপথে চলছে। পুলিশ মাঝে-মধ্যে বাঁধা দিলেও কার্যকর পদক্ষেপ না থাকায় গত কয়েকদিনে ওই এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট হতাহতদের উদ্ধার করে। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Revolt News BD