ঢাকা | বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2025 ইং
আসামি মোঃ আলামিন (৩০) ছবির ক্যাপশন: আসামি মোঃ আলামিন (৩০)
ad728

ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের পাগলা থানায় ১১ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. আলামিন (৩০) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গত এক বছর ধরে আলামিন পাগলা থানাধীন বাগবাড়ী এলাকায় আল মদিনা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে তিনি সেখানে শিশুদের কোরআন শিক্ষাও দিতেন। ধর্ষণের শিকার শিশুটিও তার কাছে গত তিন মাস ধরে পড়াশোনা করছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই, ২০২৫ তারিখে সকাল সাড়ে ৮টায় কোরআন পড়ানো শেষে আলামিন অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। এরপর তিনি ওই ভিকটিমকে মাদ্রাসার ঘর থেকে ঝাড়ু আনতে পাঠান। শিশুটি ঝাড়ু আনতে গেলে আলামিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে ও মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 এরপর থেকেই অভিযুক্ত আলামিন পলাতক ছিলেন। র‍্যাব-১৪ আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত শুরু করে।

র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র‍্যাব-৯, সিলেট-এর যৌথ অভিযানে আলামিনের বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে এসএমপি সিলেটের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স