ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৬ জন আইন ও বিচার বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘সালাম ভিলা’ নামের এক আবাসিক মেসে ঘটনাটি ঘটে। রাত ৩টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা নবীন শিক্ষার্থী শাকিব হাসান হামীম ও আরমান মিয়াকে ঘুম থেকে ডেকে নিজেদের কক্ষে নিয়ে যায়। প্রথমে রান্নার কথা বলে ডাকা হলেও পরবর্তীতে তাদেরকে তামান্না ভাটিয়ার অশ্লীল গানে নাচতে বাধ্য করা হয়। নির্দেশ অমান্য করলে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন, যা চলে ফজরের আজান পর্যন্ত।
ভুক্তভোগী শাকিব বলেন, “আমাদের ঘুম থেকে তুলে রুমে নিয়ে যাওয়া হয়। পরিচয় নেওয়া, মুরগি বানানো, এক পায়ে দাঁড় করিয়ে রাখা ও অশ্লীল গানে নাচতে বাধ্য করা হয়। আমরা অস্বীকৃতি জানালে গালিগালাজ করা হয়।”
অন্য ভুক্তভোগী আরমান মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে ঘটনাটির পর নিজ বাড়ি কিশোরগঞ্জ ফিরে যান এবং বিশ্ববিদ্যালয়ে আর পড়বেন না বলে সহপাঠীদের জানান। পরে সহপাঠীদের বোঝানোয় তিনি ফিরে এসে অভিযোগ জমা দেন।
ঘটনা জানাজানি হলে ২০ আগস্ট রাতে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা সালাম ভিলার সামনে জড়ো হন। এ সময় আইন বিভাগের শিক্ষার্থীরাও সেখানে এলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়। খবর পেয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রক্টর বলেন, “র্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
Revolt News BD