এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: সুদূর যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। গত সোমবার (১৮ আগস্ট) লন্ডনে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় এক মহামিলনমেলায়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য শার্শার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবিএম মাসুদুল আলম। তিনি যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতন কাটি গ্রামের মৃত আলহাজ্ব খোরশেদ আলমের পুত্র।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে কুমিল্লা দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ আয়োজন ব্যাপক সাড়া জাগায়।
খেলা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবিএম মাসুদুল আলম বলেন—খেলাধুলা কেবল বিনোদন নয়; এটি শরীর ও মনের সুস্থতার পাশাপাশি যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে। যদি বিএনপি আগামী দিনে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তবে দেশব্যাপী ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ্।
তিনি বিজয়ী কুমিল্লা দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের টুর্নামেন্ট প্রবাসে থেকেও বাংলাদেশি তরুণ সমাজকে মাতৃভূমির সঙ্গে আবেগে যুক্ত রাখে।”
টুর্নামেন্ট ঘিরে প্রবাসীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। দর্শকদের সরব উপস্থিতি, তরুণদের অংশগ্রহণ এবং আয়োজকদের আন্তরিকতা পুরো মাঠকে উৎসবে পরিণত করে। স্থানীয় প্রবাসীরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসী তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়া চেতনা জাগ্রত রাখে।
Revolt News BD