ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::  মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন তিনি। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স –মালয়েশিয়া চ্যাপ্টার। 
তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। এ সফরের মাধ্যমে প্রবাসীরা দেশের রাজনৈতিক অগ্রযাত্রা ও গণআন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পাবেন।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সফরকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টারের বিশ্বাস, এ সফর প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স