এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::
কবিরাজির মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে,শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার এক মধ্যবয়সী বিধবা নারীর বাড়িতে প্রায় ছয় মাস আগে এক অজ্ঞাত ব্যক্তি এসে নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেয়। কথাবার্তার একপর্যায়ে সে দাবি করে,যেকোনো নগদ অর্থ বা স্বর্ণালংকার কবিরাজির মাধ্যমে দ্বিগুণ করে দিতে পারে। প্রতারক কবিরাজ নিজের কথায় বিশ্বাস স্থাপন করতে সামনেই একটি টাকার নোট ‘ডাবল’ করে দেখায়। এতে ভিকটিম ও তার পরিবারের সন্দেহ দূর হয় এবং তারা কবিরাজের প্রলোভনে পড়ে যায়। গত ২৪ জুন দুপুরে ভিকটিমের বাড়িতে তার ছোট বোন বেড়াতে এলে একই সময় কবিরাজ ফের সেখানে উপস্থিত হয় এবং একই কৌশলে দুই বোনকেই প্রলুব্ধ করে। একপর্যায়ে তাদের ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার একটি কার্টুনে রাখতে বলে কবিরাজ। সে জানায়,দুই ঘণ্টা পর এসব দ্বিগুণ হয়ে যাবে। তবে পরে দুই বোন তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পান। সন্দেহ হলে তারা কার্টুন খুলে দেখেন সেখানে শুধু কিছু কাগজপত্র রয়েছে। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাটির দ্রুত তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালায়।
Revolt News BD