মিরাজ আহাম্মেদ,স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রয়েল পরিবহন ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘোষপাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল মিয়া বলেন, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন রয়েল পরিবহন আর চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ মুখি হয়ে যাচ্ছিলেন পিকআপ ভ্যান। পিকআপটিতে বাসা-বাড়ির মালামাল পরিবহন করা হচ্ছিল। এর ভেতরে বসে ছিলেন এক মহিলা ও তার শিশু সন্তান। সংঘর্ষের ফলে মা ও সন্তানের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনার সময় সড়ক দিয়ে একটি মোটরসাইকেলও যাচ্ছিল, যা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।