যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযান নিয়ে এবার তাঁর নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। সাম্প্রতিক অভিযানে এক নারী নিহত হওয়া এবং অভিবাসনবিরোধী অভিযানে নিয়মিত সহিংসতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে উঠে এসেছে, ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকানদের একটি বড় অংশও এখন অভিবাসন কর্মকর্তাদের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে অস্বস্তিতে রয়েছে। বিশেষ করে মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড (৩৭) নামের এক নারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে নিহত হওয়ার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের ৫৯ শতাংশ মনে করেন, গ্রেপ্তার নিশ্চিত করতে প্রয়োজনে বলপ্রয়োগ করা যেতে পারে, তবে উল্লেখযোগ্য ৩৯ শতাংশের মত হলো—এ ক্ষেত্রে মানুষের জীবন ও শারীরিক ক্ষতির ঝুঁকি যতটা সম্ভব কমানো উচিত। বিপরীতে ডেমোক্র্যাটদের অবস্থান প্রায় অভিন্ন; তাঁদের ৯৬ শতাংশই যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর পক্ষে মত দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের অভিবাসন নীতির জনপ্রিয়তা এখন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অভিবাসন নিয়ে তাঁর পদক্ষেপের প্রতি জনসমর্থন কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ফেব্রুয়ারিতে ছিল ৫০ শতাংশ। একই সঙ্গে ট্রাম্পের সামগ্রিক গ্রহণযোগ্যতাও হ্রাস পেয়ে ৪১ শতাংশে নেমেছে। মিনিয়াপোলিসের ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর মধ্যেই ভেনেজুয়েলার এক নাগরিককে গ্রেপ্তারের সময় আরেকটি গুলির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসব ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি শুধু বিরোধী দল নয়, নিজ দল রিপাবলিকানদের মধ্যেও প্রশ্ন ও দ্বিধা তৈরি করছে।
Revolt News BD