তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শোকসভার সূচনা হয়। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে মঞ্চে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ দলের শীর্ষ নেতারা। শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, প্রায় পাঁচ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং দুপুর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। শোকসভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান নিয়ে বরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন। অনুষ্ঠান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
Revolt News BD