শাহীন সোহেল চৌগাছা.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগে জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। একই সঙ্গে সকলকে আইন মেনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ বলেন, “নির্বাচন ও গণভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সফল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে চৌগাছায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
Revolt News BD