দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জব্দ হওয়া ফ্ল্যাট দুটির একটি ১ হাজার ৪৮৫ বর্গফুট এবং অন্যটি ১ হাজার ৩২৮ বর্গফুট আয়তনের। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জাহিদা আক্তার তাঁর বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের আওতায় মালয়েশিয়ায়ও একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এ সংক্রান্ত ব্যাংক হিসাব ও সম্পত্তির তথ্য সংগ্রহে গোয়েন্দা প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ২০২২ সালের ৮ মে চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তিনি মালয়েশিয়া যান এবং পরে পিআর নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি দেশে ফিরলেও অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সুযোগ থাকায় সম্পত্তি স্থানান্তরের আশঙ্কায় আদালত তাঁর স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন।
Revolt News BD