সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূত তলব
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে। বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি। একই সঙ্গে বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স