বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তিনি জানান, জামায়াত সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণও পরিবর্তন ও সংস্কার চায়। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশের নারীদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন এবং তারা বিশ্বাস করেন, মা–বোনেরা এবার তাদের ওপর আস্থা রাখবেন, যার ইতিবাচক লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রচারণাকালে বিভিন্ন স্থানে নারীরা বাধার সম্মুখীন হচ্ছেন, যা দুঃখজনক। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দলীয় ভোট যে যাকে খুশি দিতে পারেন, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, দেশের জনগণের ওপর তাদের শতভাগ আস্থা রয়েছে এবং জনগণই সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। তবে এর জন্য নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে বলে তিনি জোর দেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সিদ্ধান্তে জনগণ দেশের জন্য সঠিক পথই বেছে নেবে।
Revolt News BD