আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা তৈরিতে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় তিনি এ মত দেন। গভর্নর বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা সবার দায়িত্ব এবং এ ক্ষেত্রে কোনো বেসরকারি সংস্থা জনসচেতনতামূলক কর্মসূচি নিলে ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়া যেতে পারে। তিনি জুলাই সনদ বাস্তবায়িত না হলে সম্ভাব্য প্রভাব সম্পর্কেও মানুষকে জানানো প্রয়োজন বলে উল্লেখ করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে গভর্নর জানান, ডলার প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা কিনেছে এবং এর বিপরীতে বিপুল টাকা বাজারে সরবরাহ করা হয়েছে, ফলে এসব অর্থের অপচয় রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনকে ঘিরে কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নগদ লেনদেনের তদারকি জোরদার করেছে বলেও বৈঠকে জানানো হয়, যেখানে ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য এখন মাসিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে। সভায় খেলাপি ঋণ পরিস্থিতি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয় এবং আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন গভর্নর।
Revolt News BD