সাম্প্রতিক সময়ে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে এবং সব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, কোনো ঘটনার প্রকৃত সত্য যাচাই না করে মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া হলে তা সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে। তিনি নরসিংদীতে এক মুদি ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নিহত ব্যক্তি মনি চক্রবর্তীর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হয়েছে, অথচ পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক তথ্যে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ফয়েজ আহম্মদ আরও বলেন, দুঃখজনকভাবে কিছু বিশিষ্ট নাগরিকও যাচাই-বাছাই ছাড়াই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, যদিও অতীতে তারাই বিভিন্ন ঘটনায় সরেজমিনে গিয়ে নিরপেক্ষ তদন্ত করেছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো উদ্বেগজনক পরিস্থিতিতে বক্তব্য দেওয়ার আগে তথ্য যাচাই এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের প্রত্যাশা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মিথ্যা তথ্য ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য একত্রে দাঁড়ালে সমাজে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা রোধে সবার সচেতন ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
Revolt News BD