আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনটি গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে জানিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ড. ইউনূস মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে চান, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে এবং প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল মাধ্যমে দেশের স্বজনদের স্বাস্থ্যসেবার খোঁজ রাখতে পারেন। পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ‘থ্রি জিরো’ দর্শনের কাজ চালিয়ে যাবেন। সাক্ষাৎকালে ড. ইউনূস ও আকিয়ে আবে শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক ও স্মৃতির কথাও স্মরণ করেন। এছাড়া তিনি জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।
Revolt News BD